লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার সবুজ (২৬) ও ফাহিম। আহত সোহাগ (২৭) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতা অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সবুজ ও ফাহিম মারা যান। গুরুতর আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।