লালমনিরহাটের হাতীবান্ধায় প্রিপেইড মিটার বাতিল, বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি নিরসন এবং বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির আয়োজনে সারা দেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। হাতে জ্বলন্ত মশাল নিয়ে সংগঠনের নেতাকর্মী ভুক্তভোগী গ্রাহক ও সমর্থকেরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় প্রিপেইড মিটার বাতিলসহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবিতে স্লোগান দেন তাঁরা।
পরে মিছিলটি একটি সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর গ্রাহকদের মধ্যে নানা ধরনের ভোগান্তি ও অসন্তোষের অভিযোগ দেখা দিয়েছে। বিলিং পদ্ধতি, মিটার-সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন ধরনের চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
বক্তারা বলেন, বিদ্যুৎ একটি মৌলিক সেবা। তাই গ্রাহকদের ওপর কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়ার আগে তাদের সুবিধা-অসুবিধা ও মতামত বিবেচনা করা প্রয়োজন। গ্রাহকদের ভোগান্তি নিরসন এবং বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড শওকত হোসেন আহমেদ, সদস্য মোঃ নজরুল ইসলাম, ফিরোজ হোসেন ও ওসিয়ার রহমানসহ অন্যরা।
বক্তারা আরও বলেন, জাতীয় কমিটির ঘোষিত চার দফা দাবি বাস্তবায়ন এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ ও অভিযোগের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। গ্রাহকদের দাবি উপেক্ষা করে কোনো ব্যবস্থা চালু রাখা হলে তাঁরা ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।