নবাবগঞ্জে এক মাসে ৯২ আসামি গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
eshomoy.com || 2025-09-04
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন
দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে গত আগস্ট মাসে আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এক মাসে মোট ৯২ জন আসামিকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ওসি মোঃ আব্দুল মতিন জানান, নবাবগঞ্জ থানার অফিসার ও ফোর্সদের নিবিড় তৎপরতায় ১৫টি মাদক মামলায় ২১ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৬ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানায় ৪৩ জন এবং নিয়মিত মামলায় আরও ২৮ জনকে আটক করা হয়েছে। সর্বমোট ৩০টি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ওসি।
উল্লেখ্য, দিনাজপুর জেলা মাসিক পর্যালোচনা সভায় নবাবগঞ্জ থানা গত মে, জুন ও জুলাই মাসে ধারাবাহিকভাবে ৩ বার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।
জেএইচ/ইডি