দিনাজপুরে ‘খালেদা জিয়ার আসনে’ প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
eshomoy.com || 2025-11-09
দিনাজপুর ইনস্টিটিউট মাঠে নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঘোষণা করেছেন, দিনাজপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসনে তাঁদের দল কোনো প্রার্থী দেবে না।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নুরুল হক নুর বলেন, “বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ আসনে প্রার্থী না দেওয়াই শ্রেয় বলে মনে করি। অন্য দলগুলোরও উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করা।”
নুর অভিযোগ করেন, কৃষকের ফসল উৎপাদনের পর সরকার এলসি ওপেন করে, যার ফলে কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান না এবং কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছেন।
তিনি বলেন, “কৃষি প্রধান দেশ হয়েও বাংলাদেশকে পেঁয়াজ ও কাঁচা মরিচের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর নির্ভর করতে হয়। ভারতের কারণেই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে না, ফলে উত্তরের মানুষ বন্যা ও খরার ক্ষতিতে পড়ছেন।”
নুর আরও বলেন, “আগামী দিনে দেশের পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী করতে হবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নতুন কৃষি নীতি প্রণয়ন করতে হবে।”
জেএইচ/ইডি