গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া সশস্ত্র ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার লাল ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর (০৪ নম্বর ব্লক) এলাকার মোঃ লেবু মিয়ার ছেলে মোঃ আতিকুল ইসলাম রাকিব (১৯), একই এলাকার আব্দুল আলেফের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (১৯) এবং টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া মোল্লাবাড়ী এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোঃ শুভ রাহাত (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টহল দিচ্ছিল। লাল ব্রিজের ওপর কতিপয় যুবক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ জড়ো হয়েছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামী আতিকুল ইসলাম রাকিবের কাছ থেকে একটি ধারালো সুইচ গিয়ার এবং ২ নম্বর আসামী শুভ রাহাতের কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ আসামীদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পূবাইল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।