রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ৫ মিনিটে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার পথে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার আগে স্থানীয় একটি গাছবোঝাই নসিমন রেললাইনে উঠে যায়। ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি। ২৫ মিনিট দেরিতে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. আতিকুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে বেলা ১২টা ৪০ মিনিটে ছেড়ে যায়। কিন্তু ট্রেনটি যাওয়া পথে রেললাইনের ওপর একটি নসিমন (মালবাহী পরিবহন) উঠে যায়। ট্রেনের চালক দূর থেকে দেখতে পেয়ে ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কমাননোর কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে।
এ বিষয়ে কক্সবাজার এক্সপ্রেসের চালক আব্দুল আউয়াল রানা বলেন, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩নং ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রেললাইনে আটকে পড়া গাছবোঝাই নসিমনের ধাক্কা লাগে। পরে সহকারী লোকোমাস্টার, ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় ওই ট্রাককে রেললাইনের পাশে ফেলে লাইন ক্লিয়ার করি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) এ ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গাছাবাহী নসিমনটি রেললাইনের ওপর দাঁড়ানো। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গাড়িটির মাঝামাঝি আঘাত করে।