যশোরের চৌগাছার পল্লীতে বিষধর সাপের কামড়ে এক সন্তানের জননী ববিতা খাতুনের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারানপুর গ্রামের জেমসের স্ত্রী। রোবাবর ভোরে শয়নকক্ষে তাকে সাপে কামড় দেয়। দ্রত উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, রোববার ভোরে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন ববিতা খাতুন। ভোর সাড়ে চারটার দিকে বালিশের নিচে থাকা (স্থানীয় নাম কেন্দল সাপ) তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে ববিতা খাতুন তার স্বামীকে বলেন এবং বিছানার উপর সাপটি মেরে ফেলে। এরপর স্বামী জেমস অসুস্থ্য স্ত্রীকে নিয়ে দ্রত চৌগাছা হাসপাতালে পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মৃত্যুবরণ করেন। গৃহবধুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের প্রতিবেশি রিফাত হোসেন ও আবু সাঈদ বলেন, হাসপাতালের প্রয়োজনীয় কাজ সেরে বিকেলে মরাদেহ বাড়িতে এসে পৌছে। আসরবাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তারা আরও জানান, নিহত ববিতার ৮ মাসের একটি ছেলে সন্তান আছে। শিশুটি জানেনা তার মা এই দুনিয়াতে আর নেই, তবে খাবার সময় হলেই সে চিৎকার করে কেদে উঠছে, তার কান্নায় উপস্থিত সকলের চোখ অশ্রতে ভিজে উঠছে, বেদনা বিধুর এক পরিবেশ বিরাজ করছে গোটা এলাকাতে। চৌগাছার থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।