রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার অভিযোগে করা মামলায় একই এলাকার বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এজাজ হোসাইন মারওয়ান নামে এক ব্যক্তি সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন।
এ
বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, মামলাটিতে সাক্ষ্য গ্রহণ পর্যায় শেষ হয়েছে।
বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন। আগামী ১২ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
এর
আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।