সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার নবগঠিত চার সদস্যের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়া হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজ সুজন।
সভায় বক্তারা মাদ্রাসাটির সার্বিক সফলতা ও উন্নয়ন কামনা করেন। একই সঙ্গে অতীতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয়ের মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের নির্বিঘ্নে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন তাঁরা।
সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মো. নাজমুল হক তাঁর বক্তব্যে এডহক কমিটি অনুমোদনে সহযোগিতাকারী রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে মাদ্রাসাটির শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। এ জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. এক্কাবর সেখ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাতসহ সহযোগিতাকারী নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটির সভাপতি মো. নাজমুল হক, সদস্যসচিব মাদ্রাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার মো. খায়রুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মামুন রেজা এবং সাধারণ শিক্ষক সদস্য মো. ছানোয়ার হোসেন।
প্রজ্ঞাপনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এডহক কমিটির মেয়াদকালের মধ্যে বিধি অনুযায়ী নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, কাদাই গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।