নরসিংদীর রায়পুরায় জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবার নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযান
গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসমাইল (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে দুটি পৃথক বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
দ্বিতীয় অভিযান
এর আগে গত ১৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার চর মরজাল এলাকার আড়িয়াল খাঁ নদীর ওপর বাঘমারা সেতুতে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করা হয়। তাঁদের মধ্যে বিজয় মিয়া (২৩)-এর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁদের ব্যবহৃত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় বিজয় মিয়া (২৩) ও জুম্মন মিয়া (১৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায়ও রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।