ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন। বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের সহায়তায় কাজ করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, তাঁদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী সময়ে প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনিয়মিতভাবে ইউরোপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়ে ২০১৭ সালে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়। সেই প্রক্রিয়ার আওতায় নাগরিকত্ব যাচাইসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রত্যাবাসন করা হয়।