আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
আইনের শাসন সূচক ২০২৬-এ দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। গত বছর দেশটির অবস্থান ছিল ১২৫তম।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের আইনের শাসন সূচকে স্কোর ছিল ১-এর মধ্যে ০.৩৯১। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ০.৩৯৩-এ। স্কোরের এই উন্নতির ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে দেশটির স্কোর এখনো বৈশ্বিক গড় ০.৫৫-এর নিচে রয়েছে।
আইনের শাসন সূচকে সরকারি ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধিবিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার—এই আটটি বিষয় বিবেচনা করা হয়।
প্রতিবেদনে দেখা গেছে, সরকারি ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধিবিধানের প্রয়োগ—এই তিন ক্ষেত্রে বাংলাদেশের স্কোরে উন্নতি হয়েছে। অন্যদিকে উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার—এই পাঁচ ক্ষেত্রে অবনতি হয়েছে।