ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে জার্মানিতেও দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তরুণদের একটি উদ্যোগ। আগামী ৩১ অক্টোবর দেশটির ২১টি শহরে এই কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘Gen Z steht auf’ ও ‘Gen Z regelt’ নামে পরিচিত এই উদ্যোগের আয়োজকেরা শিক্ষা খাতের সমস্যা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামাজিক বৈষম্য, বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো সামনে রেখে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
বার্লিন, হামবুর্গ, মিউনিখ ও কোলনসহ বিভিন্ন বড় শহরে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের দাবি, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তায় আরও বিনিয়োগ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
আয়োজকেরা স্পষ্ট জানিয়েছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে এবং কোনো ধরনের সহিংসতা সমর্থন করা হবে না।
তবে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটায় জার্মানির নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। বিক্ষোভে উগ্রপন্থী গোষ্ঠী অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।